অতি সম্প্রতি ভারতের পশ্চিম বঙ্গের জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে টাঙ্গাইলের শাড়ি দাবি করা নিয়ে দেশব্যাপী হইচই পড়ে যায়। সবার কথা একটাই ছিল বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের হয় কি করে! নড়েচড়ে বসে সরকার। দ্রুততম সময়ে টাঙ্গাইল জেলা প্রশাসন আবেদন পাঠায় শিল্প মন্ত্রণালয়ে। অবশেষে সরকার প্রজ্ঞাপন জারি করে। তবে কাজটি এত সহজ ছিল না। পণ্যটি সম্পর্কে তথ্য সংগ্রহ, এর ভৌগলিক গুরুত্ব, ইতিহাস এসব ডকুমেন্টশন করা লাগে। এসব কাজে সাপোর্ট করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) নামে একটি বেসরকারি সংগঠন এবং আরিফা মডেলের টাঙ্গাইল টিমের সদস্যগণ। টাঙ্গাইলের দেশি পণ্যের নারী উদ্যোক্তারা একাজে এগিয়ে আসেন। তাদের নিয়ে না হয় আরেকটি গল্প তুলে ধরবো আমরা এরপর।
ইডিসির সভাপতি কাকলী তালুকদার জানান, ইডিসি বিষয়টির সমন্বয় করেছে। ইডিসি গত ১৩ মাসে এমন অনেক পণ্যের ডকুমেন্টশনে কাজ করেছে দেশের বিভিন্ন জেলায় গিয়ে। তবে আশার স্বপ্নে জিআই পণ্যের ভেলায় ভাসল বাংলাদেশ।
এর নেপথ্য নায়ক ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজীব আহমেদ । কথা হয় রাজীব আহমেদ এর সাথে। তিনি জানান, ফেসবুকে পড়াশোনার জন্য তিনি ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ (ডিএসবি) প্রতিষ্ঠা করেছেন। সেখানে আরিফা মডেল নামে লেখাপড়ার একটি মডেল চালু করেন। আরিফা মডেল ছিল জেলা ভিত্তিক পণ্য ও অর্থনীতির ধারণা নিয়ে কাজ করা। সে ধারণায় কাজ করতে গিয়ে ময়মনসিংহের উদ্যোক্তা খাতুনে জান্নাত আশা ২০২৩ সালের জানুয়ারি মাসের ১ তারিখে জিআই পণ্য নিয়ে কাজ করার আইডিয়া দেন। এরপর ইডিসির তত্ত্বাবধানে আরিফা মডেল অনুসরণ করা উদ্যোক্তাগণ নেমে পড়েন কাজে। স্বদেশ বাংলার পক্ষ থেকে কথা হয় খাতুনে জান্নাত আশার সাথে। স্বাক্ষাতকার নিয়েছেন একেএম রাশেদ শাহরিয়ার।
ছবি: রাজীব আহমেদ, ফেসবুকে লাখ লাখ মানুষ তাঁকে অনুসরণ করেন।
স্বদেশ বাংলাঃ জিআই পণ্য নিয়ে আপনি প্রথম প্রস্তাব দেন। বিষয়টি কীভাবে মাথায় আসল?
খাতুনে জান্নাত আশাঃ বাংলাদেশের নকশীকাঁথা নিয়ে একটা বই পড়ছিলাম। আর দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি নকশীকাঁথার এতো ভিন্নতা দেখে অবাক হচ্ছিলাম। পাশাপাশি ইন্টারনেটেও সার্চ করে দেখছিলাম বাংলাদেশের নকশীকাঁথা নিয়ে কী আছে! তখনই জানতে পারি ভারত নকশীকাঁথার জিআই করে ফেলেছে এবং ভারতে জিআই পণ্যের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এসব নিউজ আমাকে ভীষণ হতাশ করছিল। কারণ আমাদের দেশের জিআই তখন মাত্র ১০টা। তখনই রাজিব আহমেদ স্যারের সাথে শেয়ার করি যে, স্যার, আপনি দেশি পণ্যের ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেক শ্রম দিয়ে যাচ্ছেন, দেশের জিআই পণ্য নিয়ে আমাদের কাজ করা উচিত না কী? না হয়, ভারতের কাছে এভাবে আরও ঐতিহ্য আমরা হারিয়ে ফেলব। শুরুটা এভাবেই হয়েছিল, ২০২২ সালের শেষের দিকে।
স্বদেশ বাংলাঃ ময়মনসিংহের মত কিছুটা মফস্বলে থেকে এটা কতটা চ্যালেঞ্জ?
খাতুনে জান্নাত আশাঃ সত্যি বলতে এটা বিশাল একটা চ্যালেঞ্জ। কারণ এখনো আমাদের দেশের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম ঢাকা কেন্দ্রিক। আর জিআই পণ্যের মতো একটা কাজ সাধারণ মানুষ বিশেষ করে আমার মতো একজন নারী করতে পারে এটাই চারপাশের মানুষকে বুঝানো কঠিন ছিল। আর জিআই নিয়ে কাজ করার জন্য ডিপিডিটিসহ সরকারি বেসরকারি স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করা, ফিল্ড ভিজিট করে উৎপাদনকারীদের থেকে তথ্য সংগ্রহ করা ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণ করা এখান থেকে খুব বেশি সম্ভব ছিল না আমার জন্য।
ছবি: ইডিসির সভাপতি কাকলী তালুকদার। বড় স্বপ্ন দেখা আর কঠোর পরিশ্রম করা তাঁর কাজের মূলমন্ত্র।
স্বদেশ বাংলাঃ গবেষণা করা আপনার শখ? এর পেছনের গল্প কি?
খাতুনে জান্নাত আশাঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল আমার। এর পূর্ব-প্রস্তুতি হিসেবে দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করব ইচ্ছে ছিল। ধারণা ছিল ভালো শিক্ষক এবং গবেষক হতে হলে আমাকে দেশের বাইরেই যেতে হবে। কিন্তু যেহেতু আমি নারী তাই বিয়ের পর এই স্বপ্নগুলো পূরণ করার সুযোগ আর মিলেনি।
এরপর ২০২০ সালে ফেইসবুকে রাজিব আহমেদ স্যারের ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে জয়েন করি এবং অনলাইনে লেখাপড়া, দেশি পণ্য ইন্ডাস্ট্রি ইত্যাদি নিয়ে স্যারের আইডিয়াগুলোর সাথে পরিচিত হই। তখন আমার মাথায় আসে যে, আমি দেশে থেকেও, ঘরে বসেও আমার গবেষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারি এবং তা খুব ভালোভাবেই।
কারণ বাংলাদেশের দেশি পণ্যের ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণার মাঠ পুরোপুরি শুন্য, এই ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা রয়েছে যেগুলো গবেষণার মাধ্যমেই সমাধান করতে হবে। তাই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গেলাম, আমি রাজিব আহমেদ স্যারের সাথে মিলে দেশি পণ্যের ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করব, বিভিন্ন আইডিয়া জেনারেট করব এবং এটা হবে সত্যিকারের গবেষণা, যা সত্যিকার অর্থেই দেশের কাজে লাগবে।
স্বদেশ বাংলাঃ এখন পর্যন্ত কতগুলো পণ্য নিয়ে কাজ করেছেন?
খাতুনে জান্নাত আশাঃ ইডিসি টিম যত গুলো ডকুমেন্টশনের কাজের সাথে জড়িত তার প্রায় সব গুলোর সাথেই আমি জড়িত ছিলাম ঘরে বসে থেকে। এজন্যই দেখবেন রাজিব স্যার আমার নাম নেন নিয়মিত তার পোস্টে।
স্বদেশ বাংলাঃ সময় বের করেন কীভাবে?
খাতুনে জান্নাত আশাঃ আসলে আমার অবসর সময় বলতেই সেটা পড়াশোনা আর গবেষণাধর্মী কাজের সময়। জিআই পণ্য নিয়ে কাজ যখন শুরু করি, তখনই জানতে পারি আমি কনসিভ করেছি। এই সময়টায় আমার পর্যাপ্ত রেস্টের সুযোগ ছিল, আমি আমার আম্মু-আব্বুর বাসায় ছিলাম। কিন্তু আমার এই প্রেগ্ন্যাসির জার্নির পুরো সময়ই দিন-রাত জিআই পণ্য নিয়ে কাজ করে কেটেছে। আমার বেবি হওয়ার ২দিন আগে পর্যন্ত আমি কাজ করেছি। এরপর বেবি হওয়ার ২ মাসের মাথায় আবার আলহামদুলিল্লাহ কাজে ফিরেছি।
স্বদেশ বাংলাঃ পারিবারিক বা ব্যবসায়িক কাজের ক্ষতি হয়। এটাকে কীভাবে দেখেন?
খাতুনে জান্নাত আশাঃ কোনো কিছুর ক্ষতি করে কিছু করি না আমি। সবকিছু ঠিক রেখেই দেশের কাজে অবদান রাখার ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি। আমার বেবির বয়স এখনো ৬ মাস হয় নি, সারাদিন তাই এখন ওর সাথেই চলে যায়। এর ভেতর দিয়েই আমার লেখালেখি আর গবেষণার সময় বের করে নেই। আমার আম্মু আব্বু এই ব্যাপারে আমাকে যথাসাধ্য সাপোর্ট দেন।
আর আসলে ইচ্ছাশক্তি অনেক বড় ব্যাপার। মানুষ চাইলে যে কোনো পরিস্থিতিতেই নিজের প্যাশনের কাজের জন্য সময় বের করে নিতে পারে।
স্বদেশ বাংলাঃ আগামীর লক্ষ্য কি?
খাতুনে জান্নাত আশাঃ বাংলাদেশের জিআই পণ্য নিয়ে এখন একটা বই লিখছি। এই বিষয়ে বাংলা ভাষায় কোনো বই এর সন্ধান পাই নি। জিআই খুব সহজ বিষয় না, শুরুর দিকে তাই কাজ করা বেশ চ্যালেঞ্জিং ছিল। তাই মনে হলো সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য, মানুষকে এ নিয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য জিআই নিয়ে সহজ বাংলা ভাষায় একটা বই দরকার। এই বইটা এখন পরিপূর্ণ ভাবে শেষ করতে চাই।
বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও জিআই এর দিকে অনেক পিছিয়ে আছে এখনো। যেমন- নেপালে এখনো জিআই নিয়ে কোনো আইনই নেই। ইচ্ছে আছে তাই জিআই নিয়ে যে বইটা লিখছি সেটাকে ইংরেজি করে ফেলার। তাহলে অন্য দেশগুলোরও জিআই এর ক্ষেত্রে বইটা কাজে লাগবে।
এছাড়া জিআই এবং দেশি পণ্যের ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণার কাজ ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ।
স্বদেশ বাংলাঃ ই-কমার্স ব্যবসার জন্য জিআই পণ্যের স্বীকৃতি কতটা কাজে আসবে বলে আপনার মনে হয়?
ই-কমার্স ব্যবসায় জিআই পণ্যের স্বীকৃতি অবশ্যই অনেক বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের ই-কমার্স এক সময় পুরোপুরি বিদেশি পণ্য নির্ভর ছিল। রাজিব আহমেদ স্যারের চেষ্টায় এরপর দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভিত তৈরি হলো। এখন দেশি পণ্য নিয়ে অনেক উদ্যোক্তা ই-কমার্স প্লাটফর্মে কাজ করছে। জিআই স্বীকৃতি দেশি পণ্যগুলোতে বাড়তি ভ্যালু এড করবে, যা পণ্যগুলোর চাহিদা ও বিক্রি বৃদ্ধিতে সহায়তা করবে। দেশের জিআই পণ্যগুলোকে ঘিরে আরও উদ্যোক্তা তৈরি হবে, বিদেশি পণ্য নিয়ে যারা কাজ করছে তারাও ব্র্যান্ড ভ্যালুর জন্য সমজাতীয় জিআই পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হবে। দেশের ডলার ক্রাইসিসের এই সময়টায় দেশি পণ্যের ই-কমার্স ব্যবসার সম্প্রসারণে, দেশের অভ্যন্তরীণ বাজার দখলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে জিআই পণ্যের স্বীকৃতির বিকল্প নেই।
স্বদেশ বাংলাঃ সরকারের কাছে কতটা সহায়তা পান?
খাতুনে জান্নাত আশাঃ সরকারের সহযোগিতা ছাড়া জিআই পণ্য নিয়ে কাজ করা সম্ভব হত না। কারণ জিআই স্বীকৃতি শিল্প মন্ত্রনালয়ের ডিপিডিটি দিয়ে থাকে এবং বেসরকারি এসোসিয়েশনের পাশাপাশি সরকারি সংস্থাগুলোই আবেদন করে থাকে। সব ধরনের সহযোগিতায় আমরা তাদের থেকে পাচ্ছি। তবে খুব ভালো হবে যদি সরকার প্রতিটি জেলা প্রশাসককে তার এলাকার অন্তত একটা জিআই পণ্যের আবেদন করা বাধ্যতামূলক করে।
স্বদেশ বাংলাঃ এই কাজের তৃপ্তি কি?
খাতুনে জান্নাত আশাঃ আমার কাছে তো দেশের জন্য কিছু করতে পারার মতো প্রশান্তি আর কিছুতেই নেই। আর জিআই পণ্যের উৎপাদনকারী যেমন: কৃষক, তাঁতি, কারিগর, তারা দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠী। তাদের তৈরি করা পণ্য জিআই স্বীকৃতি পাওয়া মানে সরাসরি তাদের লাভ। দেশের অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব এই জিআই স্বীকৃতির মাধ্যমে। এমন একটা কাজে অবদান রাখার তৃপ্তি সীমাহীন।
স্বদেশ বাংলাঃ এমন কোনও ঘটনা আছে, যখন মনে হয়েছিল এই কাজটি আর করতে চাই না!
কখনোই না। বরং সব সময় চিন্তা করেছি দেশের একজন নাগরিক হিসেবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব দেশের জিআই পণ্য নিয়ে।
স্বদেশ বাংলাঃ টাঙ্গাইলের শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আপনার অনুভূতি কি?
খাতুনে জান্নাত আশাঃ এটা অসাধারণ অনুভূতি। এর সাথে আমার দেশের সম্মান জড়িয়ে ছিল। তবে টাঙ্গাইলে একটা মাত্র শাড়ি না, বরং ৫০ রকমের শাড়ি উৎপন্ন হয়। তাই আরও ভালো লাগবে যদি টাঙ্গাইল থেকে অন্তত ১০টা শাড়ি আলাদা আলাদা জিআই স্বীকৃতি পায়।
স্বদেশ বাংলাঃ আপনার নিজের সম্পর্কে কিছু বলুন.
খাতুনে জান্নাত আশাঃ খুব বেশি কিছু বলার নেই। আমি দেশের খুব সাধারণ একজন নাগরিক, খুব সাধারণ একজন নারী। আর এই সাধারণ হয়েও যে অসাধারণ সব কাজে অবদান রাখা যায়, তাই প্রমাণ করতে চাই। বিশেষ করে, আমাদের দেশের নারীরা খুব বেশি হতাশাগ্রস্ত থাকে। আমিও বিভিন্ন কারণে কম বেশি হতাশ হই। কিন্তু আমার ইতিবাচক কাজ, পড়াশোনা, লেখালেখি আমাকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আমি এমন হতাশাগ্রস্তদের জন্য উদাহরণ হতে চাই এবং আমৃত্যু দেশের জন্য কাজ করে যেতে চাই।
স্বদেশ বাংলাঃ আপনাকে ধন্যবাদ।
খাতুনে জান্নাত আশাঃ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল পাঠককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।