প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম নগরীতে র‌্যাবের পৃথক অভিযানে ৩০ চাঁদাবাজ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর একে খান, পাহাড়তলী, অক্সিজেন, আকবরশাহ ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সারাদিন এসব এলাকায় পণ্য ও যাত্রীবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী ১৩ জন, বালুর টাল এলাকায় চাঁদা আদায়কারী ৪ জন, পাহাড়তলী থানার হোটেল মেরিন সিটির সামনে থেকে যাত্রীবাহী মিনিবাস থেকে চাঁদা আদায়কারী ৪ জন, আকবরশাহ এবং এ কে খান মোড় থেকে ৩ জন এবং বায়েজিদ থানার অক্সিজেন মোড় থেকে ৬ জন রয়েছে।

বুধবার ( ৭ ফেব্রুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার জানান, সাম্প্রতিক সময়ে ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অবৈধ উপায়ে চাঁদা উত্তোলন করা হচ্ছে।

বিশেষ করে চাঁদাবাজির শিকার হচ্ছে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ আসছিল।

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩০ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আবছার জানান, গ্রেপ্তারকৃৃতদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, লুণ্ঠন, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা