প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেট্রোরেলে নগরীতে যানজটের দুর্ভোগের যন্ত্রণা দূর

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪

যাত্রীরা গাড়ি ছেড়ে মেট্রোরেলে ঝোঁকার পর কেবল মিরপুর নয়, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগেও যানজট কমেছে।

একেকটি কর্মদিবসে মেট্রোরেল ব্যবহার করছে আড়াই লাখের মত মানুষ, যারা এর আগে বাস, অটোরিকশা, প্রাইভেট কার বা অন্য বাহনে চলতেন। তারা সেসব বাহনে চাপেন না বলে চাপ অনেকটা কমেছে সড়কে।

ফলে মেট্রো ছাড়া অন্য বাহনে ফার্মগেট হয়ে মিরপুরে যাতায়াতও আগের চেয়ে মসৃণ হয়েছে। দিনের বেশিরভাগ সময় মোটামুটি নির্বিঘ্নেই চলাচল করা যাচ্ছে।

তীব্র যানজটে ভোগা নগরীতে কোনো ‘টোটকা’ যখন কাজ করছিল না, তখন আসল ভেলকিটা দেখিয়েছে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সড়ক চিত্র পাল্টে যাওয়ার পর এখন অন্য রুটগুলো কবে চালু হবে, সেই অপেক্ষায় নগরবাসী।

মেট্রোরেলের প্রথম রুটটি চালু হয়েছে তিন ধাপে। ২০২২ সালের ২৮ অক্টোবর পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া রুটটিকে কয়েক মাস ছিল পিকনিকের আমেজ।

গত নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি চালু হলেও তা চলছিল বেলা পৌনে ১২টা পর্যন্ত। ফলে পুরো সুফল মিলছিল না। তবে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে সকাল ৭ টা থেকে পৌনে ৯টা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হওয়ার পর থেকেই পাল্টে যায় পুরো চিত্র।

সেদিন থেকে মিরপুরের বাসিন্দাদের একটি বড় অংশ সড়কের বদলে রেলে ঝুঁকেছে। আর মিরপুর থেকে মতিঝিল রুটে বাসগুলো দিনের বেশিরভাগ সময় ভুগছে যাত্রীর অভাবে। অটোরিকশার চাহিদাও গেছে কমে। বাইকাররা যাত্রী পাচ্ছেন না বললেই চলে। এই রুটের বাসগুলো অন্য রুটে চালানোর চেষ্টাও শুরু হয়েছে।

মিরপুর থেকে মতিঝিলের পথে যাতায়াতের যন্ত্রণা দূর হওয়ার পর মিরপুরে বাড়ি ভাড়ার চাহিদা বেড়ে গেছে, ফলে লাফ দিয়েছে ভাড়ায়।

১০ মিনিট পর পর ছুটে আসা ট্রেনে চাপতে পারলে মিরপুর থেকে ফার্মগেটের দূরত্ব এখন কেবল ১০ মিনিটের, মতিঝিলের দূরত্ব ২০ মিনিটের। অথচ কর্মদিবসে এতদিন বাসে বা প্রাইভেটকারে মিরপুর ১১ নম্বর থেকে কাজীপাড়ায় সময়মত পৌঁছানোর নিশ্চয়তাও দেওয়া যেত না।

ট্রেনের ভাড়া নির্ধারণের পর প্রশ্ন উঠেছিল এই ভাড়ায় যাত্রীরা আগ্রহী হবে কি না। সেই ট্রেনেই এখন উপচে পড়া ভিড়।

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা। পল্লবী থেকে তা ৮০ টাকা, মিরপুর-১১ থেকে ৭০, মিরপুর-১০ থেকে ৬০ টাকা।

মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজারে ৪০, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ টাকায় যাত্রীর অভাব নেই, বরং অফিস সময়ে ট্রেনে জায়গা পাওয়াই এখন দুষ্কর।

যাত্রা শেষ করে যাত্রীরা তাদের চলাচলে যানজটের দুর্ভোগের অতীত স্মরণ করছে। সেই সঙ্গে এই অবস্থায় প্রতি ১০ মিনিটে একটির বদলে দুটি ট্রেন দেওয়ার দাবি উঠেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা